প্রকাশিত: Sat, Apr 29, 2023 3:55 AM
আপডেট: Wed, Apr 29, 2026 4:29 AM

বরিসকে ঋণ পাইয়ে দিতে অনিয়ম বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

মিহিমা আফরোজ: সম্প্রতি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্যাংক ঋণ পেতে মধ্যস্থতা করার সময় অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিরোধীদের দাবি ছিল যত দ্রুত সম্ভব শার্পকে পদত্যাগ করতে হবে। আর এ কারণেই শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে, এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন। বিবিসি, সিএনএন 

রিচার্ড শার্র্প ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই আমি পদত্যাগ করেছি। আমি মনে করি, এই মূহুর্তে আমি পদত্যাগ না করলে সেটি বিবিসির জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল তার একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে এসেছে। এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন অ্যাডাম হেপিনস্টল কেসি নামের একজন আইনজীবী।  

২০২৩ সালের জানুয়ারি মাসে বরিস জনসনের সুপারিশে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রিচার্ড শার্প। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নিজের প্রভাব খাটিয়ে ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে ৮ লাখ পাউন্ড ব্যাংক ঋণ পেতে বরিস জনসনকে সহযোগিতা করেছিলেন। এটা তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদে বরিসের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।

জানা যায়, বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন তার মনোনয়ন আসে সরকারের তরফ থেকে। কিন্তু একটি বোর্ডের কাছে ওই ব্যক্তিকে তার সকল তথ্য জানাতে হয়। শার্প যখন চেয়ারম্যান হন, তখন তিনি ঋণের বিষয়টি সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। আর সেটিই তার দোষ বলে মনে করা হচ্ছে। সম্পাদনা: রাশিদ